ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় তিনটি কারখানা পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছে হাইকার্ট।
সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে অর্ন্তবর্তীকালীন আদেশে ৬ মাসের জন্য এই নিষেধাজ্ঞা দেয়।
আদালত একইসঙ্গে ওই কারখানাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছে।
চার সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঝিনাইদহের জেলা প্রশাসক, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৭ জনকে এর জবাব দিতে বলা হয়েছে।
ঢাকা বারের আইনজীবী মো. মজিবুর রহমানের রোববার রিট আবেদনটি দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবার কবির লিটন।
ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কুমিরাদহ গ্রামে সাবেদ আলী নামে এক ব্যক্তি পাশাপাশি একটি স মিল একটি তেলের কারখানা ও একটি চিড়ার মিল স্থাপন করেছে।
“এগুলোর কোন বৈধ অনুমোদন নেই। কারখানাগুলো সেখানে ধোয়া, ধুলা ও শব্দ দূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এসইউ/১৭২৬ ঘ.
bdnews24