২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ নিয়ে পরামর্শপত্র দরকার নেই: ফারুক খান

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, বিদ্যুৎ নিয়ে বিরোধী দলের কাছ থেকে কোনো ‘পরামর্শপত্র’ দরকার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, বিদ্যুৎ নিয়ে বিরোধী দলের কাছ থেকে কোনো ‘পরামর্শপত্র’ দরকার নেই। সোমবার সংসদ অধিবেশনে বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, “বিদ্যুতের জন্য আপনাদের কাছ থেকে কোনো প্রেসক্রিপশন চাই না। “আমরা এর আগেও দেখিয়েছি, এবারো দেখাব- কীভাবে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করতে হয়।” রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যার আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ফারুক খানের ভাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান সামিট গ্রুপের সমালোচনা করেন। তিনি বলেন, “রেন্টালে খেলবে বিদ্যুতের ম্যারাডোনা সামিট গ্রুপ, যেটা ফারুক খানের (বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী) ভাইয়ের। এক পরিবারের কাছে বারো’শ মেগাওয়াট বিদ্যুৎ জিম্মি।” এছাড়া ওরিয়ন গ্রুপকে ‘বিদ্যুতের মেসি’ আখ্যায়িত করে আন্দালিব বলেন, “ওরিয়ন গ্রুপের কাছে বারো’শ মেগাওয়াট বিদ্যুৎ জিম্মি।” সামিট গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা বর্তমানে ১১টি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাচ্ছে যার মোট উৎপাদন ক্ষমতা ৫৭৩ দশমিক ৫৫ মেগাওয়াট। মন্ত্রী ফারুক খান সংসদে বলেন, “আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সরকার যে দামে বিদ্যুৎ কিনছে, পৃথিবীর কোনো দেশে এই দামে বিদ্যুৎ বিক্রি হয় না।” “সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নিচ্ছে।” বিরোধী দলের সাংসদরা সংসদে অসত্য কথা বলছেন অভিযোগ করে তিনি বলেন, “আমরা মনে হয়- কেউ এখন সংসদের কথা শুনছে না। সকলে হয়তো রেডিও বন্ধ করে দিয়েছেন।” “কখন পরিবারের সদস্যরা কী শুনে ফেলে।” তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ফারুক খান বলেন, “তত্ত্বাবধায়ক সরকার বারবার তাদের দুর্বলতা প্রমাণ করেছে। “নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিএনপি বারবার একথা ভুলে যায়।” তার বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলের সাংসদরা হৈ চৈ শুরু করলে স্পিকার তাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা হৈ চৈ করেন কেন? আপনারা চুপ করেন।” গত বছর বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নিতে সরকারকে আগামী ১০ জুন সময় বেঁধে দিয়েছে বিএনপি। ফারুক খানের পর সোমবার সংসদে বক্তব্য দেন নরসিংদী-৩ আসনে সরকারদলীয় সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, “এখন সংসদ সদস্যরা যে ভাষায় কথা বলে, সংসদ সদস্য হিসাবে আমরা লজ্জাবোধ করছি। নিজের সন্তানের কাছে সংসদ সদস্য পরিচয় দিতে লজ্জা লাগে।” মোহন বলেন, “আমি বলতে চাই না মুক্তিসুদ্ধের সময় খালেদা জিয়া কোথায় ছিলেন? চিকিৎসার নামে আমেরিকায় গিয়ে কোথায় কানের দুল হারিয়েছিলেন? “চারদিকে রব উঠেছে, ধনী-গরীবের এক সুর তারেক জিয়া মহা চোর- এ সব কথা বলতে চাই না।” টানা ৭৭ দিন অনুপস্থিত থেকে রোববার সংসদে ফেরে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল। সেদিনই বিএনপির এক নারী সাংসদের বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয় যা পরে স্পিকার এক্সপাঞ্জ করেন। সোমবারও বিএনপি দলীয় এক সাংসদের ‘অশালীন, আপত্তিকর’ বক্তব্য সংসদে উত্তেজনা সৃষ্টি করে। তার ওই বক্তব্যের পর স্পিকার সংসদে বলেন, “কুৎসিৎ ভাষায় বক্তব্য দেওয়া উচিত নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১০০ ঘ.