২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রামের সমুদ্রকেন্দ্রিক সংস্কৃতি বিচ্ছিন্ন ছিল না’

চট্টগ্রামের সমুদ্রকেন্দ্রিক নিজস্ব আঞ্চলিক সংস্কৃতির ইতিহাস থাকলেও তা কখনোই বাংলার অনান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সমুদ্রকেন্দ্রিক নিজস্ব আঞ্চলিক সংস্কৃতির ইতিহাস থাকলেও তা কখনোই বাংলার অনান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন ছিল না। শুক্রবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আবদুল করিম সাহিত্য বিশারদ স্মারক বক্তৃতায় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রণবীর চক্রবর্তী এ কথা বলেন। চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য অনেক গভীরের উল্লেখ করে তিনি বলেন, সমুদ্র এবং চট্টগ্রাম বন্দর এ অঞ্চলের মানুষে মানুষে সেতুবন্ধন তৈরি করেছিল। স্বকীয় বৈশিষ্ট্যে আগামীতেও উজ্জ্বল হয়ে উঠবে চট্টগ্রাম। পারিপার্শ্বিক পরিমণ্ডলের সঙ্গে চলবে হাতে হাত মিলিয়ে। চট্টগ্রামের গড়ে ওঠার অতীত ইতিহাস তুলে ধরে রণবীর চক্রবর্তী বলেন, আঞ্চলিকতাকে বাদ দিয়ে কখনোই জাতিরাষ্ট্র গঠন সম্ভব নয়। রাজনীতির সীমারেখা থাকলেও সংস্কৃতি মিলে যায়। এটাই ইতিহাসের শিক্ষা। ‘চট্টগ্রাম অ্যান্ড দি বে অব বেঙ্গল নেটওয়ার্ক: এ মেরিটাইম প্রোফাইল সি ৫০০- ১৫০০ সিই’ শীর্ষক এ স্মারক বক্তব্যের আয়োজন করা হয়। ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের ‘অদম্য চট্টগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা ছিল এ সেমিনারের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন এবং দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০১০ ঘ.