২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

নগরীর পাহাড়তলী থেকে প্রাইভেটকার চোর সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থেকে প্রাইভেটকার চোর সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বৃস্পতিবার রাতে পাহাড়তলী থানার সরাইপাড়া থেকে কোতোয়ালি পুলিশ মো. করিমকে (২৪) গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ মার্চ নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন একটি খাবার হোটেলের সামনে থেকে করিম গাড়িটি চুরি করে। এ ঘটনায় গ্রেপ্তার করিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এসআই সদীপ জানান। শুক্রবার সাংবাদিকদের সামনে হাজির করলে করিম বলেন, নগরীর উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ব্যক্তিগত গাড়ি চালকদের টার্গেট করে এ প্রক্রিয়ায় প্রাইভেট কার চুরির সঙ্গে বন্দর নগরীতে একটি সংঘবদ্ধ চোরচক্র রয়েছে। করিম নিজেকে সাধারণ গাড়ির চালক পরিচয় দিয়ে প্রাইভেট কার চালকের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং গাড়ি চালনা শিখতে পারলে একটি ভাল চাকরি হবে জানিয়ে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণের চেষ্টা চালান। এভাবেই গাড়ি চালক মো. আলমের সঙ্গে অন্তরঙ্গ হয়ে গত ৫ মার্চ নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন একটি খাবার হোটেলের সামনে থেকে গাড়ি নিয়ে পালান। গাড়িটি চুরির পর তিনি ঢাকায় নিয়ে গিয়ে একটি পক্ষকে বিক্রি করে দেন। ঢাকার ক্রেতারা বিক্রির জন্য এটি আবার চট্টগ্রামে নিয়ে আসে। অটোরিকশাসহ ছিনতাইকারী গ্রেপ্তার এদিকে বৃহস্পতিবার রাতে নগরীর টাইগারপাস এলাকা থেকে দু’টি অটোরিকশাসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মোহাম্মদ ফরিদ (৩৫) ভোলা জেলার উত্তর দিঘলী মিজি বাড়ির মো. জয়নালের ছেলে। কোতোয়ালি থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল ছিনতাইকারী অটোরিকশায় করে ছিনতাই করার সময় তাদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় ছিনতাইকারীরা অটোরিকশা দু’টি ফেলে পালিয়ে যাবার সময় ফরিদকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, ফরিদ সংঘবদ্ধ ছিনতাইকারীদলের সদস্য। তারা নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশায় করে রিকশা আরোহীদের কাছ থেকে ব্যাগ টেনে ছিনতাইকারী দলের সদস্য। এই ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/ডিডি/২৩০৯ ঘ.