২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বিকৃতি ৬ শিক্ষককে হাজিরা থেকে অব্যাহতি

পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস লেখার অভিযোগে তলব করা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ ছয় শিক্ষককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস লেখার অভিযোগে তলব করা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ ছয় শিক্ষককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই শিক্ষকদের অব্যাহতি দেওয়ার পাশাপাশি আগামী ১৬ এপ্রিল এই বিষয়ক শুনানির পরবর্তী দিন ঠিক করেছে। শিক্ষকরা হলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ, ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপক শওকত আরা হোসেন, সাবিহা সুলতানা, মাহফুজা চৌধুরী ও দেলোয়ার হোসেন। বিকৃত ইতিহাস উপস্থাপনের অভিযোগে ২০১০ সালে দায়ের করা এক রিট আবেদনের শুনানির এক পর্যায়ে গত ১ মার্চ তাদের আদালতে তলব করা হয়। এরপর ৫ মার্চ একই অভিযোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীকেও তলব করে হাই কোর্ট। তাকে ১২ মার্চ আদালতে আসতে বলা হলেও তিনি আসেননি। আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে বলা হয়েছে তাকে। এরশাদুল বারীকে তলবের পরদিন আদালত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরো ৩০ শিক্ষককে তলব করে। এর আগে সোমবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূগোলের সাবেক প্রভাষক এম দেলোয়ার আকবর এবং দর্শনের সহযোগী অধ্যাপক জোবেদা আক্তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২২০৯ ঘ.