২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন যুবক। পুলিশ প্রায় দেড় লাখ টাকাসহ অপর এক যুবককে আটক করেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে কেরানীগঞ্জে রামেরকান্দায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ হবে বলে পুলিশ জানায়। গণপিটুনিতে আহত তিন যুবক হলেন, সোহেল (২৭), শরীফ (২৮) ও বাপ্পি (২৭)। কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিনজিরা বাজার থেকে ২০ লাখ টাকা নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়ার ব্যবসায়ী সোহাগ ও তার মা হাসিনা বেগম অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। শাক্তা নামক স্থানের একটি প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে। ওই গাড়ি থেকে চার যুবক নেমে সোহাগ ও তার মাকে মারধর করে একটি বাজারের ব্যাগে রাখা বিশ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সোহাগ রামেরকান্দা বাজারে তার চাচাকে ফোন করে বিষয়টি জানান। রামেরকান্দা এলাকায় জনতা প্রাইভেটকারটি থামিয়ে ওই চার যুবককে গণপিটুনি দেয়। পুলিশ এসে চারজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে আনলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে পুলিশ গাড়ি চালক ইউসুফকে ঘটনাস্থল থেকে এক লাখ ৪৬ হাজার টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে। ছিনতাই হওয়া ২০ লাখ টাকা কোনো ব্যাংক থেকে ওঠানো হয়নি উল্লেখ করে ওসি মাইন বলেন, “সোহাগ একজন হুণ্ডি ব্যবসায়ী। বাকি টাকা পাওয়া যায়নি।” নিহত যুবকের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮১০ ঘ.