২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন

করের আওতা ও ভিত্তি সম্প্রসারণ এবং বিকল্প বিরোধ নিস্পত্তির (এডিআর) সুযোগ রেখে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করের আওতা ও ভিত্তি সম্প্রসারণ এবং বিকল্প বিরোধ নিস্পত্তির (এডিআর) সুযোগ রেখে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট আইন, ২০১২-এর খসড়ায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, মূল্য সংযোজন কর আইন নীতিগত অনুমোদন ছাড়াও ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণে রাশিয়ান ফেডারেশন ও বাংলাদেশ সরকারের মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে। এছাড়া গত ১৬ ফেব্র“য়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত সাফটা মিনিস্টারিয়াল কাউন্সিলের ষষ্ঠ সভার ব্যাপারে বাণিজ্যমন্ত্রীর প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “একক হিসাব পদ্ধতি চালু, লেনদেনের ভিত্তিতে ভ্যাট আদায় ও লেনদেনের ক্ষেত্রে ‘ইনভয়েস’ বাধ্যতামূলক করা হয়েছে প্রস্তাবিত আইনে। নতুন আইনের প্রস্তাবে মাসিক রিটার্নের ভিত্তিতে কর আদায় করার কথাও বলা হয়েছে।” তিনি বলেন, ভালো করদাতাদের উৎসাহিত করতে পুরস্কার প্রবর্তনসহ আইনটিকে করদাতাবান্ধব ও রাজস্ব বৃদ্ধি সহায়ক করে সংশোধনী আনা হয়েছে। ‘করদাতারা যেন স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত হন, সেদিকে লক্ষ্য রেখে আইনটি সংশোধন করা হয়েছে। কর সংহতি বাড়ানো, কর পরিবেশ সংস্করণ, করবান্ধব পরিবেশ তৈরীসহ আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করা হয়েছে সংশোধনী প্রস্তাবে। এতে উত্তম সেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে, তিনি বলেন। সচিব বলেন, চূড়ান্ত অনুমোদনের আগে খসড়াটি মতামতের (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এর ভাষা সহজ ও সংজ্ঞা ছোট করতে প্রয়োজনীয় সংশোধন করতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করে তারা প্রস্তাবটি মন্ত্রিপরিষদে পাঠাবে। মন্ত্রিসভা তাতে চূড়ান্ত অনুমোদন দিলে বিল আকারে সংসদে তোলার জন্য পাঠানো হবে। এ আইনের খসড়া গত ৬ ফেব্র“য়ারি মন্ত্রিসভায় উঠলে তা যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ করে মন্ত্রিসভায় উত্থাপন করতে বলা হয়। ওই দিন সচিব জানান, ১৯৯১ সালের মূল্য সংযোজন কর আইন পরবর্তীতে বিচ্ছিন্নভাবে সংশোধন করা হয়। এসব সংশোধনীর অসঙ্গতি দূর করতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়ান ফেডারেশন ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০২১ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। এই কেন্দ্রে এক হাজার মেগাওয়াটের দুটি ইউনিট থাকবে। এ চুক্তির অনুসমর্থনপত্রে পারমাণবিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনা, মেধাস্বত্ত্ব গোপনীয়তা, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিধি, তেজস্ক্রিয়া ও বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৩০ ঘ.