২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসে বাল্যবিয়ে

আন্তর্জাতিক নারী দিবসে নোয়াখালীতে বিয়ে দেওয়া হল ১৪ বছরের এক কিশোরীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

আবু নাছের মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নোয়াখালী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক নারী দিবসে নোয়াখালীতে বিয়ে দেওয়া হল ১৪ বছরের এক কিশোরীকে। ওই কিশোরী জেলা শহরের এম এ রশীদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের কাছে জানা জায়, কয়েকদিন আগে কাদির হানিফ ইউনিয়নের সুজাপুর গ্রামের আবদুল গণির সিঙ্গাপুর প্রবাসী ছেলের সঙ্গে ওই কিশোরীর বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিষয়টি জানার পর এলাকার সচেতন ব্যক্তিরা সাংবাদিকদের জানান। সাংবাদিকরা বিষয়টি জেনে দুপুর সোয়া ১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জামানকে মোবাইল ফোনে জানালে তিনি ব্যস্ততার কথা বলে কল কেটে দেন। এরপর সাংবাদিকরা আরো কয়েকবার ইউএনওকে টেলিফোন করলেও তিনি কথা বলেননি। এরপর জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলামকে বিয়ের স্থানসহ পুরো বিষয়টি জানানো হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু ইউএনও-এর ব্যস্ততা আর ডিসির আশ্বাসের মধ্যেই শহরের ধানসিঁড়ি রেস্তোরাঁয় দুপুর দেড়টার দিকে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। বিকালে ইউএনওকে আবার ফোন করা হলে তিনি বলেন, “দুপুরে বিয়ে হয়ে গেছে। জেলা প্রশাসক মহোদয় আমাকে বিষয়টি দেখার জন্য বলেছেন। মেয়ের বাবাকে সব কাগজপত্র নিয়ে আমার অফিসে আসতে বলেছি।” তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইউএনও দপ্তরে পাত্রী পক্ষের কেউই যায়নি বলে কার্যালয়ের কর্মীরা সাংবাদিকদের জানান। এ বিষয়ে এম এ রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলের নথিপত্র অনুযারী ওই কিশোরীর বয়স ১৪ বছর। “আগে থেকে এ রকম সংবাদ পেলে আমরা অভিভাবকদের বুঝিয়ে বাল্যবিয়ে বন্ধ করার চেষ্টা করি। কিন্তু স্কুল বন্ধ থাকায় আজকের বিষয়টি জানতাম না,” বলেন তিনি। এ নিয়ে কিশোরীর বাবা তোফায়েল আহম্মদ ও মা মা রেহানা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিক পরিচয় শুনে তারা কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৩১ ঘ.