মাগুরা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে লালন স্মরণোৎসবে হামলার মামলায় আরো ১৮ আসামির জামিন হয়েছে।
বুধবার মাগুরার বিচার বিভাগীয় হাকিম আদালত-২ এর বিচারক এ জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার তিন আসামিকে জামিন দেওয়া হয়। ফলে এ মামলায় গ্রেপ্তার ২১ জনই জামিন পেলেন।
শনিবার রাতে পুলুম হাইস্কুল মাঠে লালন স্মরণোৎসবের অনুষ্ঠান চলকালে স্থানীয় কওমী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা মঞ্চ ভাংচুর করে এবং বাউলদের মারধর করে।
এ ঘটনায় ফকির আজিবর চিশতি বাদী হয়ে ২১ জনকে আসামি করে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন।
জামিন দেওয়ার ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী রামমোহন দে ম-ল ও মোখলেছুর রহমান বলেন, মামলাটি জামিনযোগ্য হওয়ায় আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন বলেন, মামলার ৩২৫/৩০৭ ধারায় কোনো উপাদন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি /ডিডি/২২১১ ঘ.
bdnews24