ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা হতে পারে বলে অপপ্রচার চালিয়ে সরকার বিএনপির মহাসমাবেশ বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম।
অবশ্য এরপরও তিনি আশা করছেন, রাজধানীতে ১২ মার্চ চার দলের এ মহাসমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হবে।
বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকার অপপ্রচারের পুরনো কৌশল নিয়েছে। মহাসমাবেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃৃষ্টির কথা বলে উল্টো তারাই (সরকার) নাশকতার ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”
রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাড়াও ফরিদপুর, বরিশাল, গাজীপুর, সিরাজগঞ্জ জেলায় নেতা-কর্মীদের প্রচারণায় পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া রাজধানীতে হোটেলগুলোতে ১২ মার্চ পর্যন্ত নতুন কাউকে ভাড়া না দেওয়া এবং দলীয় নেতা-কর্মীদের বাসায় নতুন অতিথিকে রাখার ব্যাপারে পুলিশি নিষেধাজ্ঞাকে বেআইনি বলে অভিহিত করেন ফখরুল।
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীকে জমায়েত করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, বিরোধী দলের এই কর্মসূচি সামনে রেখে নাশকতার চেষ্টা হতে পারে বলে সরকারের কাছে তথ্য আছে।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “১২ মার্চের মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠানের মাধ্যমে রাজনীতিতে নতুন ধারার সূচনা হবে। জনগণকে বলবো, মহাসমাবেশ নিয়ে সরকারের অপপ্রচারে কান দেবেন না।”
রাজধানীতে সৌদি আরব দূতাবাসের এক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “কূটনীতিক পাড়ায় সর্বোচ্চ নিরাপত্তা থাকার দরকার। অথচ সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেনি। কারণ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দল দমনের কাজে ব্যস্ত রেখেছে।”
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৭৪০ ঘ.
bdnews24