ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা সংসদ সদস্য রওশন জাহান সাথীর অভয়দাস লেনের বাসায় আবার হামলা হয়েছে। এ সময় বাসায় কেউ ছিল না।
প্রয়াত জাসদ নেতা কাজী আরেফ আহমেদের স্ত্রী সাথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুষ্কৃতকারীরা বাসার মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা বাসার দুটি শয়নকক্ষের তিনটি আলমারি ভেঙে কাপড় ও কাগজপত্র তছনছ করেছে।
ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। বাসায় মূল্যবান কিছু নেই। যারা বাসায় ঢুকেছিল, তারা কিছুই নেয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত বছরের ফেব্রুয়ারি মাসেও এ বাসায় হামলা হয়। তখন দুই ভরি স্বর্ণালঙ্কার চুরি হয় বলে সাথী অভিযোগ করেছিলেন।
সংসদ সদস্য সাথী জানান, তিনি ন্যাম ফ্ল্যাটে থাকেন। গত সপ্তাহে তিনি সর্বশেষ ওই বাসায় গিয়েছিলেন। বুধবার সকালে খবর পেয়ে তিনি বাসায় ছুটে যান।
সুত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুরির ঘটনা ঘটলে চোরেরা অন্তত কাপড়চোপড় নিয়ে যেতো। বাসা থেকে কোন মালামাল চুরি না হওয়ায় অন্য কিছু সন্দেহ করা হচ্ছে।
তিনি জানান, গত বছরের ঘটনাটিও ছিলো রহস্যজনক।
ওসি বলেন, জাসদ নেতা কাজী আরেফের কোনো নথিপত্র নেওয়ার জন্য তারা বাসায় হামলা হতে পারে বলে সংসদ সদস্য আশঙ্কা করছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় গুলিতে কাজী আরেফ নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১৫৫৩ ঘ.
bdnews24