ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বত্রিশতম বিশেষ বিসিএসের এক হাজার ৪৭৩টি আবেদনপত্র বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আবেদনপত্র, কাজগপত্র ও বিভিন্ন ডকুমেন্টে গুরুতর অসংলগ্নতা এবং অসম্পূর্ণতা পাওয়ায় এগুলো বাতিল করা হয়েছে বলে সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়।
আগামী ৯ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। তবে পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করেত হবে।
আবেদনের যোগ্যতা না থাকায় ৮৭৬ জন, ক্যাডার অপশন ভুল পূরণ করায় ৩০ জন, ক্যাডার অপশন পূরণ না করায় ১৭৪ জন, বিষয় কোড পূরণ না করায় ৪৫, শিক্ষাগত যোগ্যতা না থাকায় ৬৯ জন, বিজ্ঞাপন বহির্ভূত বিষয়ে আবেদন করায় ৬৪, মুক্তিযোদ্ধা সনদ জমা না দেওয়ায় ৯৫, বয়স বেশি হওয়ায় ১৯ জন, এসএসসি অথবা সমমানের সনদ না থাকায় ৪৭ জনসহ মোট এক হাজার ৪৭৩ জনের আবেদনপত্র বাতিল করা হয়।
বাতিলকৃত প্রার্থীদের তালিকা পিএসসির (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ছয় বিভাগের মোট ১৮টি কেন্দ্রে একযোগে বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এরমধ্যে ঢাকায় ১০টি, রাজশাহীতে তিন, খুলনায় দুই এবং চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে একটি করে কেন্দ্রে রয়েছে।
গত বছরের ১২ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮১১ ঘ.
bdnews24