ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুরে বাস চাপায় এক গার্মেন্টকর্মী নিহত হওয়ার পর উত্তেজিত পোশাক শ্রমিকরা রাস্তা বন্ধ করে বাসটিতে আগুন দিয়েছে।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে আজিমপুর ইডেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মো. আলমের (২১) গ্রামের বাড়ি পঞ্চগড়ের হরিপাড়ায়। তিনি নিউ এলিফেন্ট রোডের অনন্ত গার্মেন্টের কর্মী ছিলেন।
আলমের সহকর্মী শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহাম্মদপুরগামী ১৩ নম্বর বাসে ওঠার সময় আলম পা ফসকে পড়ে গেলে বাসটি তাকে চাপা দেয়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আলম মারা গেছে।”
লালবাগ থানার ওসি আজিজুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর অন্য গার্মেন্ট কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে এবং বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
এ ঘটনায় ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো বলে ওসি জানান।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য আলমের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১২০ ঘ.
bdnews24