২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটায় শিশুকে যৌন নিপীড়ন

নড়াইলের একটি ইটভাটায় যৌন নির্যাতনের শিকার হয়েছে একটি বালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নড়াইল, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের একটি ইটভাটায় যৌন নির্যাতনের শিকার হয়েছে একটি বালক। ওই ঘটনার পর স্থানীয়রা ইটভাটার এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। অভিযোগ উঠেছে, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার মাছিমদিয়ার ফাইন ব্রিকসে বেতবাড়িয়া গ্রামের আট বছর বয়সি ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালায় ওই ভাটার ট্রাকচালক সলেমান ওরফে রাজা (২৬)। রাজার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার নওয়াকাঠ গ্রামে। ফাইন ব্রিকসের ব্যবস্থাপক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকচালক সলেমান শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে ইটভাটার একটি কক্ষে নিয়ে নিপীড়ণ করে। এরপর স্থানীয়রা ভাটায় এসে সলেমানকে আটক করে এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। শিশুটির বাবা তার ছেলের ওপর নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নড়াইল সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সলেমানকে আটক করা হয়েছে। তবে রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। ইটভাটার মালিক আকরাম শহীদ চুন্নু জানান, এই বিষয় নিয়ে শনিবার রাতে ইটভাটায় একটি সালিশ হয়। বৈঠকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস মিলন, সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমানসহ ২০-২৫ জন সালিশকারী তিন লাখ টাকা চাঁদা দাবি করে। ‘চাঁদা’ দিতে অস্বীকার করায় সালিশকারীরা শ্রমিকদের পিটিয়ে তাড়িয়ে দিয়ে ভাটা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস মিলন বলেন, “এলাকাবাসী সমঝোতা বৈঠকে শিশুটির চিকিৎসা বাবদ তিন লাখ টাকা চেয়েছিল।” এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এলাকাবাসীই ইট ভাটা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৩ ঘ.