বগুড়া, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে বস্তিতে মেয়েদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাতাল ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে।
শুক্রবার রাতে সুইপার কলোনি ও থানাপাড়া রেলওয়ে বস্তির এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম হোসেন ওরফে ইব্রাহীম পাগলা শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং পৌরসভার ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
তার সাঙ্গপাঙ্গদের মারধরে ফাতেমা ও জসিম নামে দু’জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার সকালে সংরক্ষিত পদের মহিলা কাউন্সিলর রঞ্জনা বেগম ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতদের সঙ্গে কথা বলেন। বিকালে পুলিশও ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মাতাল অবস্থায় ইব্রাহীম পাগলা ৭/৮জন সঙ্গীসহ সুইপার কলোনী ও থানাপাড়া রেলওয়ে বস্তিতে ঢুকে কয়েকটি ঘরের দরজা লাথি দিয়ে খুলে ফেলেন।
থানাপাড়া রেলওয়ে বস্তির রিকশা চালক কালুর স্ত্রী ফাতেমা (৫০) জানান, ইব্রাহীম তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন। এরপর বলেন, তোর নাতিনিকে নিয়ে আয়।
নাতনি পাশের বস্তিতে আছে শুনে ইব্রাহীম বলেন, “নে মোবাইল নে; ফোন কর চলে আসতে। নইলে কাল থেকে বস্তিতে তোদের ঘর থাকবে না।”
ওই বস্তির আরেক রিকশা চালকের ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রীকে মারধর করে বের করে দেন। পরে তাদের কিশোরী মেয়েকে (১৪) তার সঙ্গে ভেতরে আটকে রাখেন।
কিছুক্ষণ পর ইব্রাহীম ঘর থেকে বের হয়ে মেয়েটির বাবাকে বলেন, “এক হাজার টাকা নে। তোর মেয়েকে কাল থেকে আমার কাছে পাঠিয়ে দিবি।”
নাম প্রকাশে অনিচ্ছুক পাশের রেলওয়ে বস্তির এক মহিলা জানান, শনিবার সকালে তার ১৩ বছরের মেয়েকে আতœীয়ের বাড়ি রেখে এসেছেন ইব্রাহীমের ভয়ে।
তিনি আরো জানান, ইব্রাহীম পাগলার যৌন হয়রানির শিকার হচ্ছে ৪ (চার) বছরের শিশু থেকে ১৫ বছরের কিশোরীরা পর্যন্ত।
প্রায় প্রতিরাতে ইব্রাহীম বস্তিতে হানা দেন বলে বস্তির লোকজন জানান।
বস্তির কেউ সাংবাদিকদের সামনে প্রথমে কথা বলেনি। পরে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম গেলে তার সামনেই তারা সাংবাদিকদের এসব তথ্য দেয়।
সংরক্ষিত পদের মহিলা কাউন্সিলর রঞ্জনা বেগম সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানার পর শনিবার সকালে বস্তিতে গিয়েছিলাম। বস্তিবাসীরা অভিযোগ করেন, বিভিন্ন ঘরে গিয়ে বয়স্ক মহিলাদের মারধর করে বের করে দেয় ইব্রাহীম। পরে শিশু ও কিশোরীদের যৌন হয়রানি করে।
তারা প্রতিরাতেই তারা এধরনের ঘটনার আতংকে সিঁটিয়ে থাকে। শুধু থানাপাড়া রেলওয়ে ও সুইপার কলোনি বস্তি নয়, আশপাশের বস্তিতেও একই ধরনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি পৌরসভার প্যানেল মেয়র পরিমল সিং এবং বগুড়া সদর থানাকে জানানো হয়েছে, বলেন তিনি।
বগুড়া সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।”
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলু বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার কারণে ইব্রাহীম হোসেনকে শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থেকে বাদ দেওয়া হয়েছে।
অভিযুক্ত কাউন্সিলর মো. ইব্রাহীম হোসেন ওরফে ইব্রাহীম পাগলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.
bdnews24