ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিরা ১৫ দিনেও গ্রেপ্তার না হওয়ায় এক ঘণ্টা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে দেশের সাংবাদিকরা।
সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের সব সংবাদপত্র, সংবাদ সংস্থা ও টেলিভিশনের সাংবাদিকরা এই কর্মসূচি পালন করে।
সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই কর্মসূচির ডাক দেয়।
পুঁজিবাজারে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম’ ওই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করেন।
কর্মবিরতির পাশাপাশি সারাদেশে বিভিন্ন প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি ও মানবন্ধনও করেন।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
১৫ দিনেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার না হওয়ায় সোমবার এ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে সাংবাদিকরা অনশন কর্মসূচি পালন করবে। ওইদিন কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাব চত্বরে অনশন চলবে।
এই হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পুলিশ দিতে না পারলেও ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. মনিরুল ইসলাম রোববার সাংবাদিকদের জানিয়েছেন, তারা হত্যাকাণ্ডের কারণ ‘মোটামুটি’ নিশ্চিত হয়েছেন।
তবে তদন্তের স্বার্থে এখনি তা ‘প্রকাশ’ করতে রাজি হননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এমআই/১৩১৫ ঘ.
bdnews24