ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের ঘটনা বর্তমান সরকারের নীল নকশার অংশ ছিল- এমন অভিযোগ করে বিএনপি বলেছে, এর উদ্দেশ্য ছিল সীমান্তকে অরক্ষিত করে জাতিকে পরনির্ভরশীল করা।
পিলখানায় রক্তাক্ত বিদ্রোহের তৃতীয় বার্ষিকীতে শনিবার আয়োজিত এক স্মরণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এক ঢিলে দুই পাখি মারতে’ আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ওই ঘটনা ঘটিয়েছে।
“পিলখানায় ২৫ ফেব্র“য়ারির ঘটনা সাধারণ হত্যাকাণ্ড বা বিদ্রোহ ছিল না। এটি তাদের (সরকার) একটি সুদূরপ্রসারী নীল নকশার অংশ। এর মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে। সীমান্তকে করা হয়েছে অরক্ষিত। এ ঘটনা ঘটিয়ে দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে তারা।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৯ সালে সরকার গঠনের পরপরই ২৫ ও ২৬ ফেব্র“য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
সেই ঘটনার স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “আমাদের শক্তিশালী সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে বিডিআরের ঘটনা ঘটানো হয়েছিলো। পরে একে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ বিরোধী দলের নেতাদের জড়িয়েছে।”
ওই সময়ে আওয়ামী লীগের কয়েকজনের নাম গণমাধ্যমে এলেও তাদের জিজ্ঞাবাদ করা হয়নি বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দেশের বর্তমান পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “সরকার কেবল আমাদের প্রতিরক্ষা বাহিনীই নয়, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে দিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া বাতিল করে তারা দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে।”
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “জুলুমবাজ এই সরকার জনগণের বুকের ওপর জগদ্দল পাথরের মতো বসে আছে। তাকে সরাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে পিলখানায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় যে বিচার চলছে- তা আসলে লোকদেখানো।
“আমরা সুষ্ঠু বিচার চাই। যারা এই ঘটনার গডফাদার ও মূলপরিকল্পনাকারী, তাদের বিচার দেখতে চাই। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে এই বিচার করতে হবে।”
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেন, “তিন বছরেও ঘটনার আসল নায়করা গ্রেপ্তার হয়নি। দেশপ্রেমিক বিডিআরকে ধ্বংস করে সরকার বর্ডার গার্ড বানিয়ে সেখানে আওয়ামী লীগের ক্যাডারদের ভর্তি করছে।”
মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এই স্মরণসভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল লতিফ, অবসরপ্র্রাপ্ত মেজর মিজানুর রহমান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮০৬ ঘ.
bdnews24