২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব ব্যাংকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রেরই থাকা উচিৎ’

বিশ্ব ব্যাংকের প্রধান পদে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এ মন্তব্য করলেন বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জেলিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 07:33 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

সিঙ্গাপুর, ফেব্রুয়ারি ২৫ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের প্রধান পদে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এ সংস্থার বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জেলিক বলেছেন, তার উত্তরসূরী হিসেবে কোনো মার্কিন প্রার্থীকেই বেছে নেওয়া উচিৎ হবে। শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রেরই নেতৃত্ব দেওয়া উচিৎ। বিশ্ব ব্যাংক প্রধান হিসেবে একজন মার্কিন নাগরিকের থাকাটা যুক্তরাষ্ট্র ও ব্যাংকের জন্যও ভালো হবে।” সব সময় মার্কিনিদের দখলে থাকা ওই পদটির জন্য গত সপ্তাহে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি তাদের এ প্রস্তাব দেন। ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যাম্বার্টও বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্ব ব্যাংক প্রধানের পদটি সবার জন্যই উন্মুক্ত হওয়া উচিৎ। শুধু একটি দাতা দেশের নাগরিকদের জন্য এ পদ সংরক্ষিত রাখা ঠিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই এ সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনো না কোনো মার্কিন নাগরিক। বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জেলিক তার পাঁচ বছর মেয়াদ শেষে আগামী ৩০ জুন পদ ছাড়বেন। তার উত্তরসূরী হিসেবে যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে- তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং হোয়াইট হাউজের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী লরেন্স সামারসেরও রয়েছেন। নতুন প্রেসিডেন্ট খুঁজে নিতে বিশ্ব ব্যাংক ইতোমধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। এ জন্য সদস্য ১৮৭টি দেশের কাছ থেকে নামও চাওয়া হয়েছে গত সপ্তাহে। তবে মার্কিনিদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার এই রীতি বদলানোর দাবি উঠেছে লাতিন আমেরিকাতেও। মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অগাস্টিন কার্স্টেনস গত বুধবার বলেন, বড় বড় আন্তর্জাতিক সংস্থার প্রধান পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতায় ভয় পাওয়া উচিৎ নয় যুক্তরাষ্ট্র বা ইউরোপের। কার্স্টেনস গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, যে সংস্থার শীর্ষ পদে সবসময়ই ছিলেন ইউরোপীয় কেউ। বিশ্ব ব্যাংকের শীর্ষ পদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা উচিৎ বলে তিনি মনে করেন। এ ব্যাপারে জেলিক বলছেন, উত্তরসূরী বেছে নেওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকা নেই। “তবে আমি চাই আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা রাখুক যুক্তরাষ্ট্র। এ পদের জন্য উপযুক্ত কোনো মার্কিন নাগরিক খুঁজে পাওয়া গেলে তাকেত নিয়োগ দেওয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ব ব্যাংক দুই পক্ষের জন্যই ভালো হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১৩২৯ ঘ.