নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ট্রাক চাপায় এক হোসিয়ারী শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে।
শুক্রবার রাতে এ দুর্ঘটনায় নিহত তাহিদুল ইসলাম (২৫) নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি শহরের একটি হোসিয়ারি কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাহিদুলকে একটি ট্রাক চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে এবং নিতাইগঞ্জে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক ও চালক মাসুমকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৬ ঘ.
bdnews24