নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি কাপড়ের মিলে আগুনে পাঁচজন আহত হয়েছে। কারখানার বেশকিছু মালামাল পুড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ওপেক্স গ্র“পের মালিকাধীন সিনহা টেক্সটাইল মিলে একটি বিস্ফোরণের পরে এ অগ্নিকাণ্ড হয়।
আহতদের মধ্যে মেকানিক সুজন ও মুজিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ডেমরা দমকল স্টেশন মাস্টার শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলার বয়লার সেকশনে বিকট শব্দে বিস্ফোরণের পরে আগুন ধরে যায়। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়লে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডেমরা ও নারায়ণগঞ্জ দমকলের চারটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
“বিস্ফোরণে কারখানার দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে,” বলেন তিনি।
তিনি আরো বলেন, নিজস্ব জেনারেটরের বিদ্যুৎ প্রকল্প থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সিনহা টেক্সটাইল মিলের সহকারী ম্যানেজার ইসমাইল হোসেন বলেন, আগুনে কারখানার যন্ত্রপাতিসহ অনেক মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, “বর্তমানে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।”
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭২৩ ঘ.
bdnews24