২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ‘শিশুপ্রহরে’ দেখা মিললো শিশুদের

এবারের একুশে বইমেলার শেষ ‘শিশুপ্রহরে’ এসে ক্ষুদে পাঠকদের কলকাকলিতে মুখর হয়েছে বাংলা একাডেমী চত্বর। বিক্রেতাদের আফসোসও তাই কমেছে খানিকটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের একুশে বইমেলার শেষ ‘শিশুপ্রহরে’ এসে ক্ষুদে পাঠকদের কলকাকলিতে মুখর হয়েছে বাংলা একাডেমী চত্বর। বিক্রেতাদের আফসোসও তাই কমেছে খানিকটা। বইমেলায় শুক্রবার সকালের অংশটি ছিলো শুধুই শিশুদের জন্য। বেলা ১১টায় শিশুপ্রহরে মেলার ফটক খোলার পর থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে আসতে শুরু করে শিশুরা। আগের তিনটি শিশুপ্রহরে উপস্থিতি একেবারেই কম হলেও শুক্রবার পরিস্থিতি ছিল পুরোপুরি আলাদা। ভিড় দেখে আয়োজকরা খুশি হলেও শিশুদের খুশি করা সহজ নয়- তা বোঝা গেল নজরুল মঞ্চের কাছে চার বছরের হিতৈষীর বায়না দেখে। তার একটাই কথা- ডোরেমন কিনে দিতে হবে। জাপানি এই কার্টুন চরিত্র নিয়ে প্রকাশিত বইটি না নিয়ে বাসায় ফিরবে না সে। হিতৈষীর বাবা আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েকে দুটো ছড়ার বই কিনে দিয়েছি, কিন্তু এখন আবার ডোরেমন চাচ্ছে। এটাও হয়তো শেষ পর্যন্ত কিনে দিতে হবে।” এবার দ্বিতীয় দিনের মতো মেলায় এসেছে রিমন-ইমন দুই ভাই। প্রথমজনের বয়স চার, অন্য জনের পাঁচ। সবুজ ফতুয়া গায়ে এ স্টলে-ও স্টেলে ছোটাছুটি চলছিল দুই ভাইয়ের। তাদের মা সাদিয়া মাসুদ জুঁই বলেন, “ভাবছি ওদের বর্ণমালা আর ছড়ার বই কিনে দেবো। শহরে তো বেড়ানোর জায়গা নেই। তাই মেলায় এসে ওরা খুব খুশি।” ক্ষুদে পড়–য়াদের মধ্যে অনেককেই প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো। নজরুল মঞ্চের পেছনে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের অটোগ্রাফ পেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী তিথি মণ্ডল বিজয়ীর ভঙ্গিতে জানালো, “আমি জাফর স্যারের ভক্ত। তার অটোগ্রাফ পেয়ে খুবই ভালো লাগছে।” শিশুদের সবর উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশকরা জানালেন, শেষ শিশুপ্রহরে এসে বিক্রিও বেড়েছে তাদের। মুক্তধারার প্রতিনিধি মো জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ শিশুদের উপস্থিতি আগের যে কোনো দিনের চেয়ে বেশি। বিক্রিও খারাপ না।” সত্যেন সেনের ‘পাতাবাহার’ এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ‘টুনটুনির গল্প’ বই দুটির চাহিদা বেশি বলে জানান তিনি। ওয়ার্ল্ড অব চিলড্রেন বুকসের প্রতিনিধি মো. রাসেল মির্জা জানান, তাদের ‘বর্ণমালা’ ‘চিরকালের রূপকথা’, ‘ছোট্ট চোখে দেখা’ এবং ‘ছোট্ট সোনামণিদের জন্য বই’ সিরিজগুলো ভালো চলছে। প্রকাশনা সংস্থা ‘সময়ের’ বিক্রয় প্রতিনিধি মামুন জানান, এবার জাফর ইকবালের ‘রূপ রূপালীর গল্প’ বইটি শিশু-কিশোরদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/জেকে/১৬৫৭ ঘ.