নেত্রকোনা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার আটপাড়া উপজেলায় বুধবার সকালে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি কার্যালয় ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি মঙ্গলবার মধ্যরাতে তাদের কার্যালয়ে ভাংচুর চালিয়েছে।
আটপাড়া থানান ওসি সালেমুজ্জামান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার মধ্যরাতে একদল দুস্কৃতকারী ব্রজেরবাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর করে। এজন্য বিএনপি কর্মীদের সন্দেহ করে বুধবার সকাল ৯টায় আওয়ামী লীগকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর চালায়।
তিনি বলেন, মঙ্গলবার সকালে একুশের সম্মিলিত শোভাযাত্রায় বিএনপি অংশ নিতে চাইলে আওয়ামী লীগ তাতে বাধা দেয়। এর জের ধরে রাতে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক দল অপর দলের বিরুদ্ধে অভিযোগ করছে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার নীলু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার মধ্যরাতে বিএনপির ৫০-৬০ জন কর্মী দলীয় কার্যালয়ে হামলা করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি, অর্ধশতাধিক চেয়ার-টেবিল, টিভি ও আলমারি ভাংচুর করে।
অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই ষড়যন্ত্র করে নিজেদের অফিস ভাংচুর করেছে বলে দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
তিনি অভিযোগ করেন, বিএনপি কর্মীদের নির্যাতন করতেই আওয়ামী লীগ তাদের কার্যালয়ে হামলার ঘটনাটি সাজিয়েছে। এখন তাদের ক্যাডারদের মহড়ায় বিএনপি সমর্থক কোনো ব্যবসায়ী দোকান খুলতে পারছে না। অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24