ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আইনজীবী সমিতির নতুন কমিটি নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার, যাতে ২৫টি পদের জন্য ৫১ জন আইনজীবী লড়ছেন।
বরাবরের মতো এবারও আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন কাজী মো. নজিবুল্লাহ হিরু ও সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন। আর আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন মো. বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে আছেন মো. খোরশেদ মিয়া আলম।
প্রধান নির্বাচন কমিশনার এনায়েত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। মাঝখানে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।”
এই নির্বাচনের মধ্য দিয়ে ১২ হাজারেরও বেশি আইনজীবী ২০১২-১৩ সালের জন্য তাদের সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১২৪০ ঘ.
bdnews24