ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টায় শামিল হতে বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থানরত বাঙালির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক্ষেত্রে সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেছেন, “বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার লক্ষ্যে আমি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইতোমধ্যে একটি প্রস্তাব উত্থাপন করেছি। এ ব্যাপারে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য আমি বিশ্বের প্রতিটি বাঙালির প্রতি আহ্বান জানাই।”
মঙ্গলবার ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে মঙ্গলবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, “মাতৃভাষা চেতনার পথ বেয়েই প্রতিষ্ঠা করা সম্ভব হবে বহু ভাষা, বহু মানুষ ও বিচিত্র সংস্কৃতির এক বিশ্ব। সবার শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনিন্দ্য বিশ্বলোক।”
একুশে ফেব্রুয়ারিকে বাঙালি জাতির নবজাগরণের, জাতিসত্তা প্রতিষ্ঠার এবং বীরের জাতি হিসেবে বিশ্বে সমাদৃত হওয়ার দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো আমাদের প্রেরণা। বাঙালি জাতির এ প্রাণশক্তি স্বাধীনতার স্বপ্ন পূরণে উদ্বুদ্ধ করেছে, যা আমরা জাতির পিতার নেতৃত্বে ১৯৭১ সালে অর্জন করেছি।”
বক্তব্যের শুরুতেই সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ সব ভাষা শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “ভাষা আন্দোলন বাঙালির ভাষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িক জীবনদর্শন, গণতান্ত্রিক আদর্শ ও উদার মানবিক মূল্যবোধের সংরক্ষণ ও বিকাশের পথকে উন্মুক্ত করেছে। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের সেই আকাক্সক্ষা পূর্ণতা পেয়েছে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি।”
একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, “১৯৯৮ সালে কয়েকজন কানাডা প্রবাসী বাঙালি ও অন্যান্য ভাষাভাষীর একটি দল জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে এ প্রস্তাব দেয়। আমরা সরকারের পক্ষ থেকেও জাতিসংঘের সঙ্গে যোগাযোগ রক্ষা করি।”
জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে ১৯৩টি দেশে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রসারের লক্ষ্য নিয়ে দিনটি পালিত হচ্ছে। ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে জাতিসংঘ প্রতি বছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করে। এবারের বিষয় হচ্ছে, ‘মাতৃভাষায় নির্দেশনা এবং পরিপূর্ণ শিক্ষা’।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর পল্টনের জনসভায় বিশ্বের বিলুপ্তপ্রায় ভাষাগুলো সংরক্ষণে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ স্থাপনের ঘোষণা আসে। ২০০১ সালের ১৫ মার্চ এই ইনস্টিটিউটের ভিত্তিস্থাপনও হয়েছিল। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তা আর এগোয়নি।
শেখ হাসিনা বলেন, “আমরা ২০০৯ সালে সরকারে এসে ইনস্টিটিউট নির্মাণের কাজ আবার শুরু করি। ২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন প্রণয়ন করি।”
বর্তমান সময়কে ‘তথ্যপ্রযুক্তির যুগ’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “অনেকেরই ধারণা, ইংরেজি না জানলে প্রযুক্তি ব্যবহার করা যায় না। কিন্তু, যে সব দেশ তথ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে এগিয়ে যাচ্ছে, তারা সবাই মাতৃভাষা প্রয়োগ করছে। আমরাও বাংলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছি।”
তথ্য প্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা এ মাস থেকে সকল ব্রান্ডের বেসিক মোবাইল হ্যান্ডসেটে পূর্ণাঙ্গ বাংলা কি-প্যাড সংযোজন বাধ্যতামূলক করেছি। ডটবিডি (.নফ) এর পাশাপাশি দ্বিতীয় কান্ট্রি কোডেড টপ লেবেল ডোমেইন হিসেবে ডটবাংলা (.বাংলা) প্রবর্তনের উদ্যোগ নিয়েছি।”
“বাঙালি জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি-দক্ষ করে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। আমরা বিজ্ঞানের প্রতিটি শাখায় বাংলার ব্যাপক ব্যবহারের সুযোগ সৃষ্টি করছি। কারণ, মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞানার্জন সহজতর হয়। সৃজনশীল কর্মের পূর্ণ প্রকাশ সম্ভব হয়,” বলেন শেখ হাসিনা।
শিক্ষামন্ত্রী এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ড. রফিকুল ইসলাম।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন নৃ-তাত্ত্বিক গোষ্ঠির ভাষার বর্ণমালা প্রদর্শনী ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৫০ ঘ.
bdnews24