২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসছে চবির লিয়াজোঁ কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গঠিত ‘লিয়াজোঁ কমিটি’ বুধবার থেকে ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গঠিত ‘লিয়াজোঁ কমিটি’ বুধবার থেকে ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবে। কমিটি প্রথম দিন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠক করবে। এরপর পর্যায়ক্রমে অন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন কমিটি প্রধান অধ্যাপক খান তৌহিদ ওসমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চবি ক্যাম্পাসে সক্রিয় সব ছাত্র সংগঠনগুলোর সঙ্গেই বৈঠক করবে কমিটি। এরই মধ্যে সব ছাত্র সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুজনই শিবিরকর্মী। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভা করে ২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। গঠন করা হয় ১০ সদস্য বিশিষ্ট এই লিয়াজোঁ কমিটি। এই কমিটিকে ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষসহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সুপারিশমালা তৈরির নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২০০০ ঘ.