ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে লক্ষ্মীপুরের পথে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সেখানে একটি জনসভাতেও অংশ নেবেন তিনি।
শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে তার গাড়িবহর রওনা হয়।
গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিল কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে আবুল কাশেম ও রুবেল হোসেন নামের দুইজন নিহত হন।
একই দিনে চাঁদপুরে নিহত হন বিএনপির আরো দুই কর্মী। পরদিন রাজশাহীতেও গণমিছিলে গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হন।
নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে গত ১৩ ফেব্র“য়ারি চাঁদপুরে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলার সমন্বয়কারী বরকত উল্লাহ বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধীদলীয় নেতা সরাসরি লক্ষ্মীপুর সার্কিট হাউজে যাবেন। সেখানে দুপুরের খাবারের পর তার নির্ধারিত কর্মসূচি শুরু হবে।”
বিকেলে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় অংশ নেবেন খালেদা জিয়া। সেখানেই তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০৪৮ ঘ.
bdnews24