চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ পাঁচ পদে বিএনপি এবং সাধারণ সম্পাদকসহ আট পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন।
এছাড়া আওয়ামী লীগের একাংশ ও বাম সমর্থিত অপর প্যানেল সমমনা পরিষদ সিনিয়র সহ-সভাপতিসহ সাতটি পদে জয়ী হয়েছে।
সভাপতি পদে ৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াতে ইসলামী সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। তিনি হারিয়েছেন সমমনা পরিষদের চন্দন দাশকে (৬৩৯ ভোট)।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট অশোক কুমার দাশ ৭৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সমমনা পরিষদের কামাল উদ্দিন (৭২০ ভোট)।
রোববার গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ ফল ঘোষণা করেন। একইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এবার ২ হাজার ৪২৩ জন ভোটারের মধ্যে ২০৮১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে লুৎফুর নাহার, অর্থ সম্পাদক- কুতুবউদ্দিন মোহাম্মদ ইস্তেফাজ, সদস্য- কফিল উদ্দিন, আবদুল হক, শহীদুল ইসলাম, শাহেদুল আজম ও এমদাদ উল্লাহ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন- পাঠাগার সম্পাদক হামিদুর রশিদ চৌধুরী, সদস্য- শামসুন নাহার সুমি, জয়নাব বেগম ও আবদুল মান্নান।
সমমনা পরিষদের নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, সহ সম্পাদক তৌহিদুর মুনীর চৌধুরী টিপু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা মোহাম্মদ ইমরান এবং সদস্যপদে আকতার বেগম ও শাহেদা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫১৪ ঘ.
bdnews24