নরসিংদী, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস রনি হত্যা মামলায় বিএনপি নেতা মো. নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (সিআইডি) পরিদর্শক গৌরচন্দ্র মজুমদারের ১০ দিনের আবেদনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা চারদিন হেফাজত মঞ্জুর করেন।
নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত আসামি নূরুল গত মঙ্গলবার জামিন পান। জামিন পেয়ে বের হওয়ার সময় নরসিংদী জেলা কারাগারের প্রধান ফটকেই ফের রনি হত্যায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১৫ মার্চ নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ মিলনায়তনে বিল্লাল হোসেন রনিকে একদল সন্ত্রাসী কুপিয়ে ও পরে গুলি করে খুন করে।
ওই ঘটনায় রনির বড় ভাই আবুল ফজল বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।
এ মামলায় এর আগে গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি মোতাবেক নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডি কর্মকর্তা গৌরচন্দ্র মজুমদার জানান।
এদিকে বিকেলে শহরের ভেলানগর জেলখানার মোড়ে এক প্রতিবাদ সভায় জেলা ছাত্রদল নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলামের অবিলম্বের মুক্তি দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/২০৪৩ ঘ.
bdnews24