২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণের প্রশাসককে হাই কোর্টে তলব

হাই কোর্টের আদেশ অমান্য করে যাত্রাবাড়ীর এক ব্যক্তিকে উচ্ছেদ করায় আদালত অবমাননার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের আদেশ অমান্য করে যাত্রাবাড়ীর এক ব্যক্তিকে উচ্ছেদ করায় আদালত অবমাননার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে তলব করেছে হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। প্রশাসকের সঙ্গে এক ম্যাজিস্ট্রেটকেও তলব করা হয়েছে। প্রশাসক খলিলুর রহমান এবং ম্যাজিস্ট্রেট মো. খলিলুর রহমানকে আগামী ২৩ ফেব্র“য়ারি আদালতে হাজির হয়ে আদেশ লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে আবেদনকারীকে উচ্ছেদ করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদেশে তা-ও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বাদিকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং বাদির স্থাপনা যে অবস্থায় ছিল, পুননির্মাণ করে সে অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। হাজির হওয়ার দিন দুই বিবাদিকে এই সব রুলের জবাবও দিতে হবে। হুমায়ুন কবির নামে যাত্রাবাড়ী এলাকার এক বাসিন্দা সকালে হাইকোর্টে আদালত অবমাননার একটি আবেদন দাখিল করে। ওই আবেদনের শুনানি শেষে আদালত আদেশ দেয়। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদালত অবমাননার ওই আবেদনে বলা হয়, যাত্রবাড়ী পাইকারি কাঁচাবাজারে জন্য সরকার ৫ একর জমি হুকুম দখল করে। এর মধ্যে হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে তার ৬ শতক অধিগ্রহণ করতে ২০০৭ সালের ১২ জুলাই নোটিস দেয়। এই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হুমায়ুন হাই কোর্টে রিট আবেদন করলে আদালত ওই ভূমিতে স্থিতাবস্থা জারির নির্দেশ দেয়। গত ১৭ জানুয়ারি ওই স্থিতাবস্থার আদেশের সময়সীমা এক মাস বাড়ানো হয় জানিয়ে হুমায়ুন বলেন, এর মধ্যেই গত ৭ ফেব্র“য়ারি ঢাকা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মো. খলিলুর রহমান পুলিশ নিয়ে আবেদনকারীর ভূমির স্থাপনা ধ্বংস করে। তিনি তখন হাইকোর্টের আদেশের অনুলিপি দেখাতে চাইলেও ম্যাজিস্ট্রেট তাতে কর্ণপাত করেননি। মনজিল মোরসেদ বলেন, ওই জমিতে হুমায়ুন কবিরের বাড়ি ছিল। জায়গাটি যাত্রাবাড়ি কাঁচা বাজারের ঠিক পাশে অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭২০ ঘ.