২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখ নেই, তাই মওসুম শেষ ঠাকুরগাঁও চিনিকলের

আখের অভাবে নির্দিষ্ট সময়ের আগেই মওসুম শেষ করতে হল ঠাকুরগাঁও চিনিকলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঠাকুরগাঁও, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখের অভাবে নির্দিষ্ট সময়ের আগেই মওসুম শেষ করতে হল ঠাকুরগাঁও চিনিকলের। মঙ্গলবার দুপুরে এই চিনিকল বন্ধ করে দেওয়া হয় বলে জানান চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকার। তিনি সাংবাদিকদের বলেন, গত ২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৭৯ হাজার ৪৮৬ মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৬৩৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। মিলের ভেতর আরো প্রায় ৭০ টনের মতো চিনি আছে। লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৩০০ মেট্রিক টন। তিনি আরো বলেন, মিলের আশপাশে শতাধিক পাওয়ার ক্রাসারে আখ মাড়াই করে গুড় তৈরি করা হচ্ছে। যার কারণে চিনিকলে আখ সরবরাহ কমে গেছে। চিনিকলের মহাব্যবস্থাপক (উৎপাদন) ফয়জুল ইসলাম বলেন, এবার চিনি আহরণ হার ছিল মাত্র ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। পুরাতন জরাজীর্ণ যন্ত্রপাতি ও আখের উন্নত জাতের অভাবে এবার চিনি আহরণের মাত্রা কম ছিল বলে জানান তিনি। মহাব্যবস্থাপক (কৃষি) গোলাম মর্তুজা শিকদার বলেন, গত রোপন মওসুমে ১২ হাজার একরে আখ চাষের পরিকল্পনা থাকলেও আবাদ হয়েছে ৮ হাজার ৫৪১ একরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৫ ঘ.