রংপুর, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থায়ী করা এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছে কর্মচারীরা।
সোমবার সকালে শতাধিক কর্মচারী বিক্ষোভ করে হাসপাতালের পরিচালকের কক্ষে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা হাসপাতালের ফটকে বিক্ষোভ-সমাবেশ করে।
সমাবেশে কর্মচারীরা দাবি করেন, তাদের কেউ কেউ ১০-১২ বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছেন। কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণের কোনো পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না।
তারা অভিযোগ করেন, ৫ হাজার দুইশ টাকা বেতন দেওয়া হচ্ছে বলে কাগজে স্বাক্ষর নেওয়া হলেও প্রকৃতপক্ষে তাদের বেতন দেওয়া হয় দেড় থেকে দুই হাজার টাকা। যারা মোটা অঙ্কের টাকা দিতে পারছে তাদের চাকরিই স্থায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চার মাসের বকেয়া বেতন ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার দাবি জানান কর্মচারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে রমেক হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মচারীদের কিছু বকেয়া রয়েছে। তা পরিশোধের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে টাকা নিয়ে চাকরি স্থায়ী করার অভিযোগ নাকচ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৫২ ঘ.
bdnews24