ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলার প্রথম দিনেই জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নতুন বই প্রকাশের পরে আগামী সপ্তাহে আসছে হিমু সিরিজের নতুন বই ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’।
বইটির প্রকাশক অন্যপ্রকাশের পরিচালক আবদুল্লাহ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাপার কাজ শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহের যে কোনো দিন মেলায় এসবে এটি।”
হুমায়ূন আহমেদ রচিত জনপ্রিয় চরিত্র হিমুকে নিয়ে এ বইটি হবে এবারের মেলায় অসুস্থ এ লেখকের দ্বিতীয় বই। ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি।
এবারের বইমেলায় হুমায়ূনের মোট সাতটি নতুন বই আসছে। এর মধ্যে অন্য প্রকাশ ছয়টি এবং কাকলী প্রকাশনী একটি বই প্রকাশ করছে।
বুধবার প্রথম দিনে মেলায় আসা ‘মেঘের ওপর বাড়ি’ প্রকাশ করা হয়েছে অন্যপ্রকাশ থেকেই। বইটির জন্য এ প্রকাশনা সংস্থার স্টলে ব্যাপক ভিড় দেখা যায়।
এ সংস্থার আরেক পরিচালক মাসুম রহমান দাবি করেন, “প্রথম দিনে প্রথম বই হিসাবে ‘মেঘের ওপর বাড়ি’ গত বছরে মেলার প্রথম বইয়ের তুলনায় ৩০ শতাংশ বেশি বিক্রি হয়েছে।”
কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী আব্দুস সোবহান মেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কাছে মেলা মানেই হুমায়ূন। তার লেখা ভীষণ ভালো লাগে। মেলায় এসেই হুমায়ূনের নতুন উপন্যাসটা কিনে নিয়েছি।”
অন্যপ্রকাশের পরিচালক মাসুম রহমান জানান, তারা বুধবার ১২টি নতুন বই মেলায় আনলেও বরাবরের মতো হুমায়ূনই ছিলেন বিক্রিই শীর্ষে।
এছাড়া হুমায়ূনের গত জন্মদিনে প্রকাশিত ‘রং পেন্সিল’ও মেলায় এসেছে।
অন্য প্রকাশ এবার মেলায় আনছে হুমায়ূনের বই- নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ, পায়ের তলায় খড়ম (ভ্রমণকাহিনী), দেয়াল (উপন্যাস), বাছাই গল্প ও রচনাবলী- ৫ম খণ্ড।
“এর মধ্যে বাছাই গল্প ও রচনাবলীর ৫ম খণ্ড ছাড়া সবগুলোই নতুন বই। বাছাই গল্প বইয়ে ২৫টি গল্প থাকবে। এর মধ্যে নতুন গল্প থাকবে একটি। সেটি হুমায়ূন এখন লিখছেন”, বলেন আবদুল্লাহ নাসের।
কাকলী প্রকাশনী হুমায়ূনের একটি বই মেলায় আনার ঘোষণা দিলেও নাম বা দিনক্ষণ এখানো জানায়নি।
বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি।
নিউইয়র্কের কুইন্সে একটি বাসা ভাড়া করে সেখানেই থাকছে হুমায়ূন পরিবার। গত ২১ জানুয়ারি অষ্টম কেমো থেরাপি শেষে চিকিৎসকরা তার সিটিস্ক্যানের পরামর্শ দিয়েছেন। আগামী ৬ ফেব্র“য়ারি তার সিটিস্ক্যান করার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/জেকে/১৫১৬ ঘ.
bdnews24