ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিপরিষদে সুরঞ্জিত সেনগুপ্তকে ‘দপ্তরবিহীন মন্ত্রী’ হিসাবে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি করে আগামী ১১ অক্টোবর আদেশের দিন রেখেছে হাই কোর্ট।
ড. তুহিন মালিক নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ‘দপ্তরবিহীন মন্ত্রী পদের’ বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ সেপ্টেম্বর এই রিট আবেদন করেন।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে আদেশের এই দিন রাখে।
রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেছেন তুহিন মালিক। একইসঙ্গে ওই পদে সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বন্ধের জন্য তিনি আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছেন।
এই আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. তুহিন মালিক এবং ব্যারিস্টার মো. আব্দুল হালিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
তুহিন মালিক শুনানিতে বলেন, সংবিধান অনুসারে কোনো মন্ত্রী কেউ পদত্যাগ করলে তা গ্রহণ না করার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। তাই তাকে রেলপথ মন্ত্রণালয় থেকে সরিয়ে দপ্তরবিহীন করার প্রজ্ঞাপনটি সঠিকভাবে হয়নি। পদত্যাগের পর কাউকে মন্ত্রী রাখতে হলে আবার শপথ দিতে হবে।
আদালতে মুরাদ রেজা বলেন, “এ ধরনের রিটে কোন কর্তৃত্ব বলে সুরঞ্জিত সেনগুপ্ত ওই পদে রয়েছেন- মর্মে তিনি আবেদন করতে পারতেন। এতে সুরঞ্জিতকেও বিবাদী করা দরকার ছিল। কিন্তু এ সব করা হয়নি। ফলে এই রিট চলতে পারে না।”
প্রজ্ঞাপনে পদত্যাগ বা পুনর্নিয়োগের কোনো কথা ছিল না বলেও আদালতকে জানান তিনি।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, “মন্ত্রীদেরকে দপ্তর দেয়া হবে কি-না, তা একান্তই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটি রাজনৈতিক বিষয়। যে কোনো মন্ত্রী শপথ নেওয়ার পর সঙ্গে সঙ্গেই দপ্তর পেয়ে যান না। কয়েকদিন দপ্তরবিহীন থাকতে হয়।
“বৃটেনে একজন মন্ত্রী তিন বছর দপ্তর বিহীন ছিলেন বলেও নজির পাওয়া যায়। তাছাড়া সুরঞ্জিতকে এই সরকারের বর্তমান মেয়াদে আর দপ্তর দেওয়া হবে না, সরকার এমন কোন ঘোষণাও দেয়নি।”
“দপ্তর না থাকা মানে কোন কাজ না থাকা নয়। মন্ত্রিপরিষদের একটি সম্মিলিত দায়িত্ব রয়েছে। তিনি সেই দায়িত্ব পালন করছেন,” যোগ করেন মুরাদ রেজা।
গত মঙ্গলবার রিট আবেদনটি আদালতে উপস্থাপন করে তুহিন মালিক বলেন, “মন্ত্রিপরিষদে কাউকে ডাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পূর্ণ এখতিয়ার রয়েছে। কিন্তু কেউ পদত্যাগ করার পর গ্রহণ করা বা না করার বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে না। কেউ পদত্যাগ করলে তাকে মন্ত্রী রাখতে হলে আবার শপথ দিতে হবে।”
তিনি বলেন, বাংলাদেশের সংবিধান ও আইনে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর কথা বলা হয়েছে। কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী বলে কিছু নেই।
“এটা সাময়িকভাবে করা যেতে পারে। কিন্তু কাউকে এভাবে দীর্ঘদিন দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা যায় না। সর্বশেষ পুনর্গঠনের সময়ও সুরঞ্জিতের জায়গা হয়নি। এভাবে কোনো কাজ না দিয়ে জনগণের টাকা থেকে সুবিধা দেওয়া আইনত বৈধ নয়।”
ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় গত এপ্রিলে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সুরঞ্জিতের আবেদনে তাকে রেল মন্ত্রণালয় থেকে সরিয়ে ‘দপ্তরবিহীন’ মন্ত্রী হিসাবে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এমআই/০০০৬ ঘ.
bdnews24