২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবিদ্যুতে বাংলাদেশি বিনিয়োগ চায় নেপাল

তিন হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি, যাতে উৎপাদিত বিদ্যুত ভাগাভাগি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন নেপালের অর্থমন্ত্রী, যা থেকে উৎপাদিত ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দুই দেশ ভাগাভাগি করে নেবে। সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা নেপালের মন্ত্রী বর্ষা মান পুন মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন। হিমালয়ের পর্বতমালার পাদদেশের দেশ নেপালে জলবিদ্যুত উৎপাদনের জন্য সম্ভাবনাময় একটি দেশ। বলা হয়, নেপালের পাহাড়ি নদীগুলো থেকে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যদিও দেশটি এখন গড়ে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। মান পুনের সঙ্গে বৈঠকের পর মুহিত সাংবাদিকদের বলেন, নেপালের অর্থমন্ত্রী পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, সেচ প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশের সহায়তা চেয়েছেন। যৌথ বিনিয়োগে জলবিদ্যুৎ উৎপাদন হলে তা নেপাল ও বাংলাদেশের মধ্যে ভাগাভাগি হবে বলে অর্থমন্ত্রী জানান। নেপাল মংলা বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। মুহিত বলেন, ট্রানজিটের আওতায় বাংলাদেশের মংলা বন্দর পর্যন্ত ট্রাক নিয়ে আসতে চায় নেপাল। “আমরাও চাই, তারা আসুক। তবে মাঝে ভারতের মধ্যে ১৭ কিলোমিটার রাস্তার অবকাঠামো ভালো নয়,” বলেন তিনি। নেপাল রপ্তানি করা ফল ও ডালসহ কয়েকটি পণ্যে শুল্ক সুবিধা বাংলাদেশের কাছে চেয়েছে। মুহিত বলেন, শিগগরিই যৌথ অর্থনৈতিক কমিশনের একটি সভা ডাকা হবে। ওই সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখা এবং অন্তরায়গুলো দূর করার লক্ষ্যে বাণিজ্য সচিব নেপাল যাবেন বলেও অর্থমন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২২ ঘ.