২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যা: জাবির ৭ জনের ছাত্রত্ব বাতিল

জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের তিন জনকে আগে উপাচার্য তার ক্ষমতাবলে বহিষ্কার করেছিলেন। গঠিত তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই তিন জনসহ মোট সাত জনের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক সভার পর সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন। শিক্ষার্থীরা হলেন- খন্দকার আশিকুল ইসলাম (প্রাণিবিদ্যা বিভাগ), রাশেদুল ইসলাম রাজু (দর্শন বিভাগ), খান মো. রইছ (প্রাণিবিদ্যা বিভাগ), জাহিদ হাসান (প্রাণিবিদ্যা বিভাগ), ইসতিয়াক মেহবুব অরূপ (দর্শন বিভাগ), মাহবুব আকরাম (সরকার ও রাজনীতি বিভাগ), নাজমুস সাকিব তপু (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ)। এই সাত জনের পাশাপাশি অন্য ছয় শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে নিবন্ধক জানান। তারা হলেন- মাজহারুল ইসলাম (ইতিহাস বিভাগ), কামরুজ্জামান সোহাগ (দর্শন বিভাগ), নাজমুল হুসেইন প্লাবন (লোক প্রশাসন বিভাগ), শফিউল আলম সেতু (পরিসংখ্যান বিভাগ), অভিনন্দন কুন্ডু (পরিসংখ্যান বিভাগ), মো. মাহমুদুল হাসান মাসুদ (ইতিহাস বিভাগ)। বহিষ্কৃত সব শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম ব্যাচের শিক্ষার্থী (২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ)। আবু বকর বলেন, “জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মো. হামিদুর রহমান বাদি হয়ে তিন জনকে আসামি করে যে মামলা করেছিলেন, সে মামলায় অন্য ১০ জনের নাম যোগ করতে পুলিশ প্রসাশনকে বলা হচ্ছে।” এছাড়া সিন্ডিকেট জুবায়ের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা এবং তার পরিবারের এক জন সদস্যকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় চাকরি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে আবু বকর জানান। অন্যদিকে, শিক্ষক সমিতির সাধারণ সভায় সংঘর্ষের ঘটনায় কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিনকে নিয়ে এক সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন এবং পুরাতন মেডিকেল ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্তও হয়েছে। এছাড়া প্রক্টর অফিসে জনবল বাড়ানো, নিরাপত্তার সরঞ্জাম এবং ক্যাম্পাসে বাতি বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে সিন্ডিকেট। গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগকর্মীদের হামলায় গুরুতর আহত হন ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী জুবায়ের। পরদিন হাসপাতালে মারা যান তিনি। ওই ঘটনার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামলে উপাচার্য তিন জনকে বহিষ্কার করেন। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এই পর্যন্ত ৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯৫৬ ঘ.