ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপচয় রোধে ঢাকা মহানগরীর পানির দাম ফের বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ওয়াসা।
পানির ব্যবহার নিয়ে রাজধানীতে এক মতবিনিময় সভায় সোমবার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেন, পানির অপচয় রোধ করতে হলে এর ইকোনোমিক ভ্যালু অর্থাৎ দাম বাড়ানোর বিকল্প নেই।
তিনি বলেন, “ঢাকা শহরে বর্তমানে যে দামে পানি বিক্রি করা হচ্ছে, বিশ্বের অন্য কোনো শহরে এত কম দামে পানি বিক্রি করা হয় না।”
পানির দাম বাড়ানো না হলে ভর্তুকি দিয়ে এই প্রতিষ্ঠান চালানো কষ্টকর হয়ে পড়বে বলেও মন্তব্য করেন ওয়াসা কর্মকর্তা।
সবশেষ গত বছরের ১ অগাস্টে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ৬ টাকা ৩৪ পয়সা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ৬৬ পয়সা করা হয়।
ঢাকা শহরের পানির পাইপ লাইনের সংস্কার কাজ চলছে জানিয়ে তাকসিম বলেন, ইতোমধ্যে পুরো শহরকে ৮১টি এলাকায় ভাগ করে এ কাজ শুরু হয়েছে, আগামী দুই বছরের মধ্যে তা সম্পন্ন হবে।
বস্তি এলাকায় পানির বেশি অপচয় এবং অবৈধ ব্যবসা হয় জানিয়ে তিনি বলেন, ঢাকা ওয়াসার নিজস্ব স্বার্থে বস্তিগুলোতে পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা যতটা না মানবিক, তার চেয়ে বড় কারণ পানির অপচয় রোধ এবং অবৈধ পানির ব্যবসা বন্ধ করা।
জাতীয় প্রেসক্লাবে ‘পানির পূর্ণ ব্যবহার : প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে বুয়েটের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক (আইটিএন) সেন্টার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডব্লিউবিবি ট্রাস্ট।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে আইটিএনের পরিচালক অধ্যাপক মো. মফিজুর রহমান বলেন, পানির চাহিদার কথা বিবেচনা করে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উৎস থেকে ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
সভায় আরো বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আমিনউদ্দিন আহমেদ, বর্তমান প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৬৪৭ ঘ.
bdnews24