২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জঙ্গি সন্দেহে আটক ২৫

জঙ্গি সন্দেহে কিশোরগঞ্জে ২৫ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে কিশোরগঞ্জে ২৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টায় জেলা শহরের ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা ‘ইসলামি সমাজ সংগঠন’ নামের একটি সংগঠনের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিশারি রোড এলাকার রফিকুল ইসলামের ভাড়া নেওয়া বাসায় ইসলামী সমাজ সংগঠনের বৈঠক চলছিল। গোপন সংবাদ পেয়ে বিপুল সংখ্যক পুলিশ বাসাটি ঘিরে অভিযান চালায়। তাদের কাছ থেকে জেহাদি বই, দাওয়াতের প্রচারপত্র ও সিডি উদ্ধার করা হয়। এসব বই ও প্রচারপত্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ছিল। উদ্ধার করা বইগুলোর লেখক সংগঠনের আমীর সৈয়দ হুমায়ুন কবীর বলে জানান তারা। প্রচারপত্রে রয়েছে সংগঠনের সদস্য রফিকুল ইসলামের স্বাক্ষর। এসব বই ও প্রচারপত্রে তাদের কেন্দ্রীয় কার্যালয় কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরা কুশিয়ারা বাজার এবং ঢাকা অফিস ৪নম্বর দক্ষিণ বাসাবো বলে উল্লেখ করা হয়। এছাড়া সংগঠনের ই-মেইল ঠিকানা islamisomaj1997@gmail.com বলেও উল্লেখ রয়েছে। আটকদের মধ্যে বাসা ভাড়া নেওয়া রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা সদরের কচুদুয়ারী গ্রামে বলে পুলিশকে জানিয়েছেন। তিনি জানান, দুবছর আগে তিনি বাসাটি ভাড়া নিয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিশোরগঞ্জ মডেল পুলিশ কর্মকর্তা আরো বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। আটকরা হলেন- রফিকুল ইসলাম (৪০), মো. জামাল উদ্দিন (৩৮), মো. ওসমান গনি (৪৭), মো. মামুন মিয়া (২৫), মো. সামসুল হক (২৮), মো. জাকির হোসেন (২০), মো. জালাল হোসেন (৩০), মো. মোস্তফা কামাল (২৪), মো. ইমরান হোসেন (১৭), মো. আবুল কালাম (৪০), মো. মাসুম মিয়া (১৯), মো. ফারুক মিয়া (৪৫), মো. মফিজ মিয়া (৩৫), মো. সিরাজ মিয়া (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩১), মো. মঙ্গল মিয়া (২৮), নূরুল ইসলাম (৫৮), মো. আমীর আলী (৫২), মো. কামাল মিয়া (৩৫), মো. একাবুল মিয়া (৩১), মো. সোহেল মিয়া (৩০) মো. সাইফুল ইসলাম (২৬), মো. জুয়েল মিয়া (৪০), মো. হারুন অর রশীদ (৫০) ও মো. মিরাজ লস্কর (৪২)। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদি ও সদর উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২২৩২ ঘ.