নওগাঁ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকালে আহত নওগাঁর পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ সরকার (৫০) মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
লতিফ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সগুনা গ্রামের নওসের আলী সরকারের ছেলে। শুক্রবার বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল লতিফের ছোটভাই নওগাঁর নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান বলেন, বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকালে গত ১১ জানুয়ারি দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
এরপর তাকে কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খলিলুর রহমান আরো বলেন, লতিফ ১৯৮৭ সালে পুলিশের উপ-পরিদর্শক পদে যোগ দেন।
গত ২৭ ডিসেম্বর তিনি নওগাঁয় বদলি হয়ে আসেন। এরপর থানায় পোস্টিংয়ের জন্য জেলা সদরদপ্তরে অবস্থান করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24