কুড়িগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের দুটি পদে নিয়োগ পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ কুড়িগ্রামে আট জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোরে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন থেকে প্রশ্নপত্র, ল্যাপটপসহ তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও একই অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক প্রশ্নপত্রের সঙ্গে সরবরাহ করা প্রশ্নপত্রের অবিকল মিল পাওয়া গেছে। এজন্য প্রশ্নপত্র সংযুক্ত করে উত্তরপত্র ঢাকায় পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন।”
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত এই দুই পদে নিয়োগ পরীক্ষায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ৮ হাজার ৫৯৯ জন অংশ নেন।
এদের মধ্যে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে কুড়িগ্রাম জেলার ৪ হাজার ৫৫৪ জন ও লালমনিরহাট জেলার ২ হাজার ৭৪৮ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কুড়িগ্রাম জেলার ৮২৮ জন ও লালমনিরহাট জেলার ৪৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম।
আটক আটজন হলেন- রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুল জলিল সরকার (৬৬) ও তার ছেলে মাহফুজার রহমান (৩৩), চান্দামারী গ্রামের আব্দুল হাই ঝুনু (২২), কুড়িগ্রাম সদরের পুরাতন থানাপাড়া গ্রামের রুহুল আমিন (৪৫), বকসীপাড়ার মোস্তাফিজুর রহমান (৩০), কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের লুৎফর রহমান লিটন (৩৩), হলোখানা সন্যাসী গ্রামের আসাদ্জ্জুামান (১৮) ও লালমনিরহাট জেলা সদরের মনোরাম গ্রামের হাসান বসুনিয়া (২২)।
রাজারহাট থানার ওসি জানান, ঢাকা থেকে ই-মেইলে পাঠানো প্রশ্ন আব্দুল জলিল সরকারের বাড়িতে
প্রিন্ট করার সময় ডিবি পুলিশের একটি দল ওই আট জনকে আটক করে।
তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সহকারী উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার দুই সেট প্রশ্নপত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও দুই শিক্ষার্থীকে আটক করা হয়। ওই প্রশ্নপত্রের সঙ্গেও পরীক্ষা কেন্দ্রে সরবরাহকৃত প্রশ্নের মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৫৩০ ঘ.
bdnews24