২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী ১০ ট্রাক অস্ত্রের পৃথক তদন্তে ‘না’ বলেন

সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র-গোলাবারুদ আটকের ঘটনা শিল্প মন্ত্রণালয়ের পৃথকভাবে তদন্তের দরকার নেই বলে তৎকালীন সচিবকে জানিয়েছিলেন মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র-গোলাবারুদ আটকের ঘটনা শিল্প মন্ত্রণালয়ের পৃথকভাবে তদন্তের দরকার নেই বলে তৎকালীন সচিবকে জানিয়েছিলেন মতিউর রহমান নিজামী। বুধবার ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনায় করা অস্ত্র মামলায় সাক্ষ্য দিতে গিয়ে তৎকালীন শিল্পসচিব শোয়েব আহমেদ আদালতে এ কথা বলেন। তিনি বলেন, “তৎকালীন শিল্পমন্ত্রী নিজামী বলেন, হায়েস্ট অথরিটি বিষয়টি জানেন। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা সবধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমাদের আলাদাভাবে তদন্তের দরকার নেই।” জামায়াতে ইসলামীর আমির নিজামী যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে সকালে এ মামলার কার্যক্রম শুরু হয়। বেলা সোয়া ১২টা থেকে দেড় ঘণ্টার বিরতিতে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষ্য দেন শোয়েব। এরপর আদালত আগামী ১৫ ফেব্র“য়ারি পর্যন্ত মুলতবি করা হয়। শুরুতেই ১৬৪ ধারায় আদালতে সাক্ষ্য হিসেবে প্রদত্ত জবানবন্দিকে নিজের বক্তব্য বলে সাক্ষ্য দেন তিনি। এরপর জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর আইনজীবী মঞ্জুর আহম্মেদ আনসারী দীর্ঘক্ষণ জেরা করেন শোয়েব আহমেদকে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী, সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া ও সাবেক গোয়েন্দা প্রধান রেজ্জাকুল হায়দারের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ সাবেক শিল্প সচিবকে জেরা করেন। আগামী ১৫ ফেব্র“য়ারি এ ঘটনায় দায়ের চোরাচালান মামলায় সাক্ষ্য দেবেন শোয়েব। ২০১০ সালের ৭ অক্টোবর শোয়েব আহমেদ মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক ২০ পৃষ্ঠার জবানবন্দি দিয়েছিলেন। এতে সাবেক শিল্পমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি। সাক্ষ্যগ্রহণের আগে বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে নিজামী, বাবর ও সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। গত বছরর ২৯ নভেম্বর বহুল আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবরুদ জব্দ করে পুলিশ। সিইউএফএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআিইসি’র একটি প্রতিষ্ঠান। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র চোরাচালান মামলায় পৃথক দুটি মামলা করেন। কয়েকদফা অভিযোগপত্র দেওয়ার পর পুনরায় অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এতে নিজামী-বাবরসহ ১১ জনকে নতুন করে অভিযুক্ত করা হয়। আসামিদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়–য়া পলাতক রয়েছেন। ‘আসামি করার ভয় দেখিয়ে সাক্ষ্য আদায়’ জামায়াতে ইসলামীকে ধ্বংসের পরিকল্পনার অংশ হিসেবে সাবেক শিল্প সচিব ও সাবেক বিসিআইসি চেয়ারম্যান ইমামুজ্জামানকে দিয়ে নিজামীর বিরুদ্ধে জোর করে বক্তব্য নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আসামির আইনজীবী। নিজামীর আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী সাবেক শিল্প সচিব শোয়েব আহমেদকে জেরার সময় বলেন, “আপনাকে ও ইমামুজ্জামানকে অস্ত্র মামলায় আসামি করার ভয় দেখিয়ে নিজামীর বিরুদ্ধে বক্তব্য দিতে সরকার বাধ্য করেছে।” তবে এ বক্তব্য সত্য নয় বলে আদালতকে জানান সাবেক শিল্প সচিব। সাক্ষ্য শেষে আইনজীবী আনসারী সাংবাদিকদের বলেন, সাবেক সচিব মাওলানা নিজামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা ধারণার ওপর এবং তা মিথ্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/২১২৩ ঘ.