২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বরিশাল, জানুয়ারী ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জিলা স্কুলে এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ইতিহাসে নতুন দিনের সূচনা হল। নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে দু’টি একাডেমিক ভবন, দু’টি প্রশাসনিক ভবন এবং শিক্ষার্থীদের জন্য চারটি হল নির্মার্ণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় ভবন নির্মাণ, উপকরণ সরবরাহ এবং জনবল নিয়োগ করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্যাম্পাসের জন্য ৫০ একর জমি নেওয়া হয়েছে, বলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “সুযোগ থাকার পরও জ্ঞান চর্চা ও গবেষণায় মনোনিবেশ না করায়, বিশ্বের দরবারে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সামনের সারিতে টিকে থাকতে পারছে না।” তাদের উদ্দেশে তিনি আরো বলেন, ১৫ জন শিক্ষক নিয়ে কার্যক্রম শুরু হলেও আপনারা চিন্তিত হবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় এর চেয়েও কম জনবল নিয়ে কার্যক্রম শুরু করেছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, সাংসদ তালুকদার মো. ইউনুস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর, জেলা প্রশাসক এসএম আরিফ উর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. সিরাজউদ্দীন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। এর আগে সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এতে অতিথিবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নতুন শিক্ষার্থীরাসহ বিভিন্নস্তরের মানুষ অংশ নেয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে চারটি অনুষদে ছয়টি বিভাগে চারশ’ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এরমধ্যে ইংরেজি, সমাজ বিজ্ঞান, অর্থনীতি ও গণিত বিভাগে ৬৫ জন করে এবং মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগে ৭০ জন করে শিক্ষার্থী রয়েছে। বরিশাল সদর উপজেলার কর্ণকাঠিতে ৫০ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.