ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অমল বোস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
অমল বোসের মেয়ের জামাই ইন্দ্রজিত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় সোমবার সকালে এই শিল্পীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। বেলা ১২টার দিকে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
অমল বোসের অভিনয়ে প্রবেশ যাত্রামঞ্চ দিয়ে। ১৯৬৩ সাল থেকেই ঢাকার ক্লাব থিয়েটারে ব্যস্ত হয়ে ওঠেন তিনি। সেই সময়ে তার নির্দেশনায় নুরুল মোমেনের নাটক আলো ছায়া দারুণ জনপ্রিয়তা পায়। অবসর, সপ্তরূপা, শৈবাল ও রংধনু নাট্যগোষ্ঠীর সঙ্গে বহু নাটকে সে সময় অভিনয় করেন তিনি।
১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরুর পর থেকেই টিভি নাটকে তিনি ছিলে একজন পরিচিতি মুখ। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘নানা-নাতি’ কৌতুক নাটিকার মধ্য দিয়ে দৈনন্দিন জীবনের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে বাংলাদেশের দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন ‘নানা’ অমল বোস।
জীবনভর শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অবিচার, হঠাৎ বৃষ্টি, আমি সেই মেয়ে, তোমাকে চাই, মন মানে না এর মধ্যে উল্লেখযোগ্য। আজকের প্রতিবাদ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অমল বোস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩৪০ ঘ.
bdnews24