২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিনগরে বাবা-ছেলেকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর শান্তিনগরে বাবা ও ছেলেকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। একই ধরনের ছিনতাই হয়েছে শনির আখড়ায়ও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরে ইন্টার্ন প্লাস বিপণি বিতানের সামনে বাবা ও ছেলেকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অ্যাডভোকেট নজির হোসেন (৫৫) এবং তার ছেলে আসিফ আহম্মেদকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজির হোসেন ঢামেক হাসপাতালে পুলিশকে বলেন, সকালে শান্তিনগর বাসা থেকে বের হয়ে নয়াপল্টনে যেতে যানবাহনের জন্য ইস্টার্ন প্লাসের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। “হঠাৎ ২/৩টি মটর সাইকেলে ৬/৭ জন গুলি করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়,” বলেন তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই জনের পায়ে দুটি গুলি লেগেছে। ব্যাগে ১০ লাখ টাকা ছিলো বলে নাজির জানান। তবে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, নজির প্রথমে ব্যাগে ১০ থেকে ১২ হাজার টাকা ছিলো বলে জানালেও পরে দাবি করেন, ব্যাগে ১০ লাখ ছিলো। একই সময়ে শনির আখড়াও একই ধরনের আরেকটি ছিনতাই হয়েছে বলে যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মটর সাইকেলে করে বাসা ছিনতাইকারীরা ফাঁকা গুলি চালিয়ে নজরুল ইসলাম নামে একটি পেট্রোল পাম্পের কর্মীর কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়েছে। নজরুলের কাছ থেকে ৩ লাখ ৭৩ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। তিনি টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৪০ ঘ.