২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান লেক: রাজউকের চেয়ারম্যানকে হাজিরের নির্দেশ

গুলশান লেক রক্ষায় ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে রাজউকের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশান লেক রক্ষায় ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে রাজউকের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে লেক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে। আদালত একইসঙ্গে অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে। দুই সপ্তাহের মধ্যে রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। ‘বাঁধ দিয়ে নতুন নতুন অবৈধ স্থাপনা, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গুলশান লেক’ শিরোনামে স¤প্রতি বাংলা দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। পরে তিনি বলেন, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা জানানোর জন্য রাজউক চেয়ারম্যান ও গুলশানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দখলে-দূষণে ইতিমধ্যেই বিপন্ন রাজধানীর গুলশান লেকের প্রায় পাঁচ বিঘা অংশ মূল লেক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। করাইল বস্তির কাছে গুলশান এভিনিউর পশ্চিম তীরে লেকের বুক চিরে দেওয়া হয়েছে বাঁধ। তার ওপর গড়ে তোলা হয়েছে নতুন নতুন টিনের ঘর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২৪২ ঘ.