ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশের মানুষকে সচেতন করতে ‘যেতে হবে ৩০০০ মাইল’ প্রচারাভিযানের সর্বশেষ প্রদর্শনী হচ্ছে ঢাকায়।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে হবে এই প্রচারিভিযানের ৬৪তম প্রদর্শনী।
‘জলবায়ু পরিবর্তন’ বলতে আসলে কী বোঝানো হচ্ছে, এ দেশের মানুষের ওপর তার কী প্রভাব পড়ছে- সে সম্বন্ধে জেলায় জেলায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এ প্রচারাভিযানে। এ সময় ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর’ শিরোনামে ১০টি তথ্যচিত্র দেখানো হয়- যার মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি ও মানুষের ওপর তার প্রভাব।
তথ্যচিত্র নির্মাতা তানজিলুর রহমানের নেতৃত্বে ১০ জনের একটি দল গত ২৭ অক্টোবর থেকে বাংলাদেশের ৬৩টি জেলা ঘুরে এই প্রচারাভিযান চালান।
পরিবেশ ও বন মন্ত্রী ড. হাসান মাহমুদ গত ৫ অক্টোবর এ প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্রিটিশ কাউন্সিল ও ওয়াইল্ড আইয়ের যৌথ উদ্যোগে এ প্রচারণায় পৃষ্ঠপোষক হিসেবে আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও সময় টিভি এই আয়োজনের মিডিয়া পার্টনার এবং বেঙ্গল সোলার এর এনার্জি পার্টনার হিসেবে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯২৫ ঘ.
bdnews24