ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার ঈমানি দায়িত্বের মধ্যেই পড়ে।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি বলেন, “এই ঘাতকদের বিচার করা আমাদের ফরজ দায়িত্ব, ঈমানি দায়িত্ব।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে একাত্তরে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠন করে ব্যাপক হত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
আদালতের এই আদেশে দেশের মানুষ সন্তুষ্ট- এমন মন্তব্য করে কামরুল বলেন, “যারা সম্ভ্রমহানি করেছে, হত্যা করেছে, লুট করেছে, তাদের বিচার করতে হবে। এটা ধর্মের নির্দেশ।”
পাশাপাশি যারা এ বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গোলাম আযমের গ্রেপ্তারের বিষয়ে প্রধান বিরোধী দল বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, “দেখি তারা মুখ খোলে কিনা! লজ্জা থাকলে তারা কোনো প্রতিক্রিয়া দেখাবে না।”
বুধবার আদালতের আদেশের পর সাংবাদিকরা গোলাম আযমের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা এ বিষয়ে কথা বলবেন না।
‘বঙ্গবন্ধুর দেশে ফেরা ও বীরাঙ্গনা কথা’ শীর্ষক এই সেমিনারে বঙ্গবন্ধু মহিলা পরিষদের আহ্বায়ক ড. খালেদা বেগমের সভাপতিত্বে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরীও বক্তব্য দেন।
পরে পরিষদের প্রকাশিত ‘ও আমার দেশের মাটি’ শীর্ষক একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন আইন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/জেকে/১৪৩০ ঘ.
bdnews24