ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় নিহত সাংবাদিক দীনেশ দাসের মেয়েকে লেখাপড়ার জন্য পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
মঙ্গলবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী।
দীনেশের মেয়ে অথৈ দাসের ব্যাংক হিসাবে এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে, যা থেকে প্রতিমাসে অথৈ প্রায় ছয় হাজার টাকা মুনাফা পাবে। পাঁচ বছর পর্যন্ত এই টাকা দেওয়া হবে এবং ১০ বছর পরে পাঁচ লাখ টাকার দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে অথৈকে।
মোহাম্মদ আলী জানান, এককালীন যে পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে সেটা ব্যাংকের ‘স্বাচ্ছন্দ্য প্রতিদিন’ নামক মুদারাবা মাসিক মুনাফা ডিপোজিট স্কিমে রাখা হবে। এ সঞ্চয় স্কিমের বিপরীতে প্রায় ছয় হাজার টাকা যে মুনাফা হবে সেটাই দেওয়া হবে অথৈকে।
চেক হস্তান্তরের সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, এ এম ফরহাদ, মহসিন মিয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সহসভাপতি এনামুর রেজা দিপু, সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন ।
রোববার রাজধানীর কাকরাইল চার্চের সামনের রাস্তায় বাসচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন দৈনিক আমাদের সময়ের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক দীনেশ দাস। মেয়ে অথৈকে বেইলি রোডে ভিকারুন নিসা নূন স্কুলে দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। অথৈ ওই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/১৯৫৮ ঘ.
bdnews24