ঢাকা/বগুড়া, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতাল চালকদের শনাক্ত করতে ‘অ্যালকোহল ডিটেক্টর’ নিয়ে শিগগির মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সন্দেহভাজন চালককে মোবাইল আকৃতির এই অ্যালকোহলের মাত্রা নির্দেশক যন্ত্রের সঙ্গে যুক্ত টিউবে শ্বাস ছাড়তে বলা হবে। কয়েকবার শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই ডিটেক্টরের পর্দায় ভেসে উঠবে চালকের অ্যালকোহল সেবনের মাত্রা।
এর মাধ্যমে মাতাল চালকদের সহজেই আইনের আওতায় আনা যাবে বলে জানিয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (হাইওয়ে) হুমায়ুন কবির।
তবে এই যন্ত্রের ব্যবহার দেশে পুরো মাত্রায় শুরু হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হুমায়ুন কবির বলেন, “পুলিশ সপ্তাহের জন্য অ্যালকোহল ডিটেক্টর নিয়ে কাজ সেভাবে শুরু করা যায়নি। জেলা পর্যায়ে কয়েকটি যন্ত্র পাঠানো হয়েছে। শিগগির এর ব্যবহার শুরু হবে বলে।”
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১ ডিসেম্বর রাতে র্যাবের কয়েকটি টিম এই যন্ত্র নিয়ে সন্দেহভাজনদের পরীক্ষা করেছিলো। তবে সেদিন এমন কাউকে পাওয়া যায়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বগুড়া প্রতিনিধি পুলিশের বরাত দিয়ে জানান, পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশ এখন পর্যন্ত ১৫টি অ্যালকোহল ডিটেক্টর হাতে পেয়েছে। তবে তারা এখনো যন্ত্রটি নিয়ে কাজ শুরু করেনি।
পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গত ৬ জানুয়ারি আমরা এই যন্ত্রটি পেয়েছি। এ মাসেই এর ব্যবহার শুরু হবে।”
তবে রাজশাহী-রংপুর-খুলনা-বরিশাল বিভাগসহ বৃহত্তর ফরিদপুরের ১০টি হাইওয়ে থানা ও ১৮টি ফাঁড়ির জন্য ১৫টি অ্যালকোহল ডিটেক্টর অপ্রতুল বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ কর্মকর্তারা বলছেন, অ্যালকোহলের মাত্রা নির্দেশক এই যন্ত্রের তাৎক্ষণিক প্রতিবেদনসহ মাতাল চালককে আদালতে হাজির করা হলে বিচার কাজ অনেকটা সহজ হবে।
প্রচলিত আইন অনুযায়ী, মাতাল অবস্থায় কোনো চালক ধরা পড়লে প্রথমবার তিন মাস কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং একই ব্যক্তি দ্বিতীয়বার ধরা পড়লে লাইসেন্স বাতিলসহ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/সিএস/এএল/১৩১৬ ঘ.
bdnews24