চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আদালতে হওয়া মানহানির একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) শীর্ষ তিন কর্মকর্তা।
এরা হলেন- টিআইবি’র সাবেক চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও সিনিয়র রিসার্চ ফেলো এম ওয়াহিদুল আলম।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন বলে জানান টিআইবি কর্মকর্তাদের আইনজীবী আখতার কবীর চৌধুরী।
তিনি বলেন, রোববার এ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে উভয়পক্ষের শুনানি শেষ হয়। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধির ২৪১ ক ধারায় তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
টিআইবি বিচার বিভাগে দুর্নীতি বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করার পর ২০১০ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একইদিন দায়ের করা অন্য একটি মানহানির মামলা বিচারাধীন রয়েছে।
রোববার টিআইবির তিন কর্মকর্তার পরিবর্তে তাদের আইনজীবীরা হাজিরা দেন আদালতে। গত বছরের ৩০ জানুয়ারি টিআইবি’র তিন কর্মকর্তা আদালতে সশরীরে হাজির হয়ে জামিন নিয়েছিলেন।
আইনজীবী আখতার কবীর জানান, আগামী ১০ জানুয়ারি জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির অন্য মামলার অভিযোগ গঠনের শুনানি হবে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ২৩ ডিসেম্বর বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছিল তাতে বিচার বিভাগ ও আইনজীবীদের সম্মান ক্ষুণœ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২২২০ ঘ.
bdnews24