২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দীনপুত্র পুলিশ হেফাজতে

রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হাঙ্গামার পর সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ বাবুকে হেফাজতে নিয়েছে পুলিশ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধককে মারধর করেছেন- এ অভিযোগে ক্যাম্পাসে হাঙ্গামার মধ্যে পড়া সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ বাবুকে হেফাজতে নিয়েছে পুলিশ। বনানীতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে রোববার দুপুরের পর হাঙ্গামায় পড়েন ইমতিয়াজ, তার মা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারা বেগম। ‘উপাচার্য পদ জটিলতায়’ তাকে সকালে রাষ্ট্রপতির বাসায় মারধর করা হয়েছে- নিবন্ধক কবিরের এ অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন রাষ্ট্রপতির ছেলে ও স্ত্রী। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ বিশ্ববিদ্যালয় গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে ধাওয়া করলে তিনি দৌড়ে পাশে একটি কক্ষে আত্মরক্ষা করেন। “পরে পুলিশ গিয়ে তাকেসহ সবাইকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।” তার ছেলে ইমতিয়াজকে বিশ্ববিদ্যালয়ের উচ্ছৃঙ্খল ছেলেরা মারধর করে উল্লেখ করে আনোয়ারা বেগম বলেন, এতে তার পায়ে আঘাত পেয়েছে। যে কারণে হাঙ্গামা কবির হোসেন তালুকদার বলেন, আনোয়ারা বেগম গত শনিবার চলতি দায়িত্বে থাকা উপাচার্য আবুল হোসেন সিকদার বরাবর একটি চিঠি দেন। তিনি বলেন, “এতে বলা হয়, রোববার তিনি [আনোয়ারা বেগম] ও সংশ্লিষ্ট কয়েকজন বিশ্ববিদ্যালয়ে আসবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বলা হয়।” এই চিঠির সূত্রে রোববার টেলিফোনে অনুমতি নিয়ে তিনি আনোয়ারা বেগমের সঙ্গে সরাসরি কথা বলতে তার বাসায় যান বলে জানান কবির হোসেন। তিনি বলেন, “এখানে কথা বলার একপর্যায়ে তার ছেলে ইমতিয়াজ আহমেদ আমাকে টাই ধরে টানাহেঁচড়া এবং মারধর করে প্রায় তিন ঘণ্টা জিম্মি করে রাখে।” পরে ইমতিয়াজ ও তার মা ক্যাম্পাসে ঢোকা মাত্র তাদের সঙ্গে আরো কয়েকজন অপরিচিত লোক ঢোকেন উল্লেখ করে নিবন্ধক বলেন, তাকে মারধরের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানোর পর ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। সাবেক উপাচার্য আনোয়ারা অভিযোগ অস্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে তাকে সরাতে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ তার ও তার পরিবারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। তিনি “এখনো এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমি চিঠি দেব কেন।” কবিরের মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “তাকে মারধর করা হয়নি। কথা শেষে তিনি চলে যেতে চাইলে তাকে ধরে বসিয়ে দেওয়া হয় মাত্র।” ‘এখনো আছি, তারা মানছে না’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্বে থাকা আবুল হোসেন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১১ সালের এপ্রিল মাস পর্যন্ত আনোয়ারা বেগম উপাচার্যের দায়িত্বে ছিলেন। পরে সরকার বর্ধিত না করায় তিনি এ পদ থেকে অপসারিত হন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আছেন।” রোবারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় ছয় মাস ধরে আনোয়ারা বেগম বিশ্ববিদ্যালয়ে আসছেন না। রোববার বিশ্ববিদ্যালয়ে ঢুকে এক প্রকার অবৈধভাবে উপাচার্যের চেয়ারে বসেন।” এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতির স্ত্রী আনোয়ারা বলেন, প্রায় পাঁচ মাস ব্যাংককে রাষ্ট্রপতির চিকিৎসা শেষে গত ৫ জানুয়ারি তারা দেশে ফেরেন। এ কারণে তিনি ক্যাম্পাসে যাননি। সাবেক উপাচার্য আনোয়ারা বলেন, “নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমি দায়িত্বে আছি। কিন্তু তারা এটা মানছে না।” এ প্রসঙ্গে নিবন্ধক কবির হোসেন বলেন, “তার নামসহ তিন জনের একটি প্যানেল রাষ্ট্রপতির কাছে পাঠানো হলেও তিনি তা অনুমোদন করেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১২৩ ঘ.